রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান আহত হয়েছেন। ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে তাদের হাসপাতালে নেওয়া হয়। কন্টিনেন্টাল হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, হাইকমিশনার ও তার স্ত্রী বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক ডা. আমিনা সুলতানার তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে এবং দুজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে সরকারি বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বা কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।









