নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ট্রাক ও কাভার্ডভ্যান থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আব্দুল জলিলসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।
বুধবার রাতে সোনারগাঁ থানায় মামলাটি করেন মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলস লিমিটেডের প্রশাসন বিভাগের ম্যানেজার মো. মনিরউদ্দীন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
মামলার প্রধান আসামি আব্দুল জলিল পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। অন্য আসামিরা হলেন তার ছোট ভাই আব্দুল লতিফ (৩০), সবুর খাঁন (৩০), আলমগীর হোসেন (৫০), মোরসালিন মিয়া (২৫), মনির হোসেন (২৩) ও আবুল খায়ের।
এজাহারে বলা হয়েছে, আব্দুল জলিলের নেতৃত্বে মেঘনা গ্রুপের সিরামিক ফ্রেশের প্রতিটি ট্রাক ও কাভার্ডভ্যান থেকে প্রতিদিন ১ হাজার ১০০ টাকা করে চাঁদা দাবি করা হতো। গত ১৪ সেপ্টেম্বর আষাঢ়িয়ার চর এলাকায় ট্রাকচালক মো. ফরিদ মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দা, কুড়াল, চাপাতি ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয়।
পরে বাধ্য হয়ে ফরিদ ৫০০ টাকা চাঁদা দিয়ে চলে যান। পরদিন সকালে ফের চাঁদা দাবি করা হলে আগের দিন টাকা দেওয়ার কথা জানান তিনি। এ সময় তার গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে তাকে হয়রানি করা হয়। পরে আরও ৫০০ টাকা দেওয়ার পর চাবি ফেরত দেওয়া হয়। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, নদীপথে মেঘনা গ্রুপের জেটিতে নোঙর করা প্রতিটি জাহাজ থেকেও জলিলের নেতৃত্বে ২ থেকে ৩ হাজার টাকা করে চাঁদা আদায় করা হয়। মহাসড়কের পাশে আষাঢ়িয়ার চর এলাকায় একটি কথিত অফিসকে ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করে চাঁদা আদায় করা হতো।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালক ও হেলপারদের সেখানে আটকে মারধর করা এবং তাদের গাড়ির কাগজপত্র, মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
এর আগে চাঁদাবাজি, জমি দখল, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গত ২২ আগস্ট আব্দুল জলিলকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয়দের দাবি, বহিষ্কারের পরও বিভিন্ন দলীয় সভা ও সমাবেশে জলিলকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।
তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলস লিমিটেডের প্রশাসন বিভাগের ম্যানেজার মো. মনিরউদ্দীন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আব্দুল জলিলের নেতৃত্বে একটি গ্রুপ আষাঢ়িয়ার চর এলাকায় কোম্পানির গাড়ি আটকে চাঁদা আদায় করে আসছে। চালকদের জিম্মি করে কথিত টর্চার সেলে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তিনি।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।









