কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার বাস এবং রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়। এতে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছিল।

তবে জনস্বার্থ বিবেচনায় প্রস্তাবিত ভাড়ার চেয়ে ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি বলেন, সরকারি হিসাব অনুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর কথা থাকলেও জনস্বার্থের কথা বিবেচনা করে ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৭ পয়সা। মেট্রোপলিটন ও জেলা পর্যায়েও এ সিদ্ধান্ত কার্যকর হবে। মালিকরা বিআরটিএর সঙ্গে বসে এ বিষয়ে চুক্তি করবেন। মঙ্গলবারই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন হতে পারে।

শিমুল বিশ্বাস বলেন, ‘ভাড়া এক পয়সা বাড়লেও সেটা জনগণের ওপর বোঝা। সিদ্ধান্ত হওয়ার আগেই কেউ ভাড়া বাড়িয়ে থাকলে মালিক সমিতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রশাসনিক ও সমিতিগত—দুইভাবেই বিষয়টি দেখা হবে।’

গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা।

অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক নন-এসি বাসে আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তার কম করা হয়েছে। এসব বাসে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ার পর দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া নতুন করে নির্ধারণ করা হবে।

 

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram