শুধু বাজেট বা বিনিয়োগ বাড়ালেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না, বরং পুরো স্বাস্থ্যব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রয়োজনীয়তা, অগ্রাধিকার, কার্যকারিতা ও পরিবেশগত বিবেচনায় সরকার প্রকল্প বাস্তবায়ন করছে। স্বাস্থ্যখাতেও একই নীতি অনুসরণ করা হবে।
অর্থমন্ত্রী জানান, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারে সরকার এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যখাতের পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সেবার মান উন্নয়নে চিকিৎসক ও সংশ্লিষ্টদের নিজস্ব পরিকল্পনা সরকারের কাছে উপস্থাপনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে প্রস্তুত, তবে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সভায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।পরে অর্থমন্ত্রী হাসপাতালের ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে নবগঠিত ৫০ শয্যার ডেঙ্গু ব্লকের উদ্বোধন করেন।









