চট্টগ্রাম বন্দরে বহিরাগত শিপ-ক্রেন অপারেটর নিয়োগ বন্ধের দাবি

চট্টগ্রাম বন্দরে বহিরাগত উইন্সম্যান (শিপ-ক্রেন অপারেটর) নিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বন্দর উইন্সম্যান (শিপ-ক্রেন অপারেটর) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি।

গতকাল বিকেলে নগরীর পোর্ট মার্কেট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি বেলাল হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বিদেশি জাহাজে দীর্ঘদিন ধরে উইন্সম্যান শিপ-ক্রেন অপারেটররা কাজ করে আসছেন। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা এক হাজার ৩৭৯ জন। এর মধ্যে ৫৮১ জন বিভিন্ন শিপ হ্যান্ডলিং কোম্পানিতে কর্মরত থাকলেও বাকিরা বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

তিনি অভিযোগ করেন, বার্থ অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাতটি কোম্পানিতে সমিতির বাইরে থেকে ৪৯ জন অপারেটর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ বর্তমানে কর্মরত অপারেটরদের অনেকেই মাসে ১৫ দিনেরও কম কাজ পাচ্ছেন। এ অবস্থায় নতুন করে বহিরাগত অপারেটর নিয়োগ করা হলে বিদ্যমান শ্রমিকদের জীবিকা সংকটে পড়বে।

বেলাল হোসেন বলেন, নতুন নিয়োগের পরিবর্তে প্রতিটি ক্রেনে অতিরিক্ত রিলিভার অপারেটর নিয়োগ দিলে পণ্য খালাসের গতি বাড়বে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে। একই সঙ্গে কর্মরত অপারেটরদের জন্য নামাজ আদায় ও বিশ্রামের সুযোগ নিশ্চিত হবে।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে একটি চক্র বন্দরের শ্রমিকদের ওপর নানা ধরনের শোষণ ও নির্যাতন চালিয়েছে। বর্তমানে সেই চক্রের কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সমিতির বৈধ সদস্যদের বাদ দিয়ে বহিরাগত অপারেটর নিয়োগের চেষ্টা করছে। এ বিষয়ে সরেজমিন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সমিতির প্রচার সম্পাদক ইয়াসিন, সিরাজুর ইসলাম, রাশেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram