চট্টগ্রামে দিন-দুপুরে পোশাক কারখানা সামনে সন্ত্রাসীদের গুলি

নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় দিন-দুপুরে একটি পোশাক কারখানার সামনে সন্ত্রাসীদের গুলির ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটলেও রোববার ঘটনাটির একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক একটি পোশাক কারখানার সামনে থেকে সড়কের দিকে এগিয়ে আসছেন। একপর্যায়ে তিনি প্যান্টের পেছনের পকেট থেকে একটি পিস্তল বের করে কারখানার দিকে তাক করে গুলি ছোড়েন। পরে সড়ক ধরে এগোতে থাকেন এবং আরও গুলি করতে দেখা যায় তাকে। এ সময় আশপাশে কয়েকজন পথচারীকেও চলাচল করতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কালুরঘাট বিসিক শিল্প এলাকার ইউনেস্কো পোশাক কারখানার সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়। তাদের মধ্যে একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

স্থানীয়দের দাবি, বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি পক্ষ সক্রিয় রয়েছে। গুলির ঘটনার পর স্থানীয় এক যুবদল নেতাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে জানতে ওই নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তদন্তের স্বার্থে পুলিশও সংশ্লিষ্ট কারও নাম প্রকাশ করেনি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘বিসিক এলাকায় গুলির ঘটনার তথ্য পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার হাসান মোস্তাফা স্বপন বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram