সিএমপি কমিশনারের বাসভবনের পাশেই হামলা-লুটপাট, ৩ দিনেও হয়নি মামলা

চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১ নম্বর রোডে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের বাসভবনের পাশেই একটি ব্যবসা প্রতিষ্ঠানে দিনদুপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তিনদিন অতিবাহিত হলেও এ ঘটনায় কোন মামলা হয়নি। তবে ঘটনার তৃতীয় দিনে হাবিবউল্লাহ ইদ্রিস নামের এক ব্যক্তির বাড়ি থেকে লুটপাট করা একটি স্মাট টিভি উদ্ধার করেছে পুলিশ।

সিসিটিভির ফুটেজে দেখা যায় গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হেলমেট পরিহিত তিন ব্যক্তি প্রথমে ব্যবসা প্রতিষ্ঠানটিতে প্রবেশ করেন। প্রবেশ করার সাথে সাথে অফিসে থাকা কেয়ারটেকার ইনসানকে রশি দিয়ে হাত পা বেঁধে ফেলেন। পরে তাদের হাতে থাকা লাঠি দিয়ে তাকে মারধর করা হয় এবং অফিসের দেওয়ালে থাকা একটি স্মার্ট টিভি হাতে করে নিয়ে যেতে দেখা যায়।

পরে প্রতিষ্ঠানটির মালিক প্রবাসী ব্যবসায়ি ৯৯৯ এ ফোন দিলে সেখানে পুলিশ গিয়ে হাজির হয় এবং দুবৃত্তরা পালিয়ে যায়।

হামলা ও লুটপাটের শিকার আটলান্টিক লিভিং লিমিটেডের মালিক ও প্রবাসী ব্যবসায়ী মো. মোসলেম বলেন, ‘একদল সন্ত্রাসী আমার প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। খবর পেয়ে আমি ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ঘটনার পর পুলিশ আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে যাওয়া একটি স্মার্ট টিভি হাবিবউল্লাহ ইদ্রিসের বাড়ি থেকে উদ্ধার করে জব্দ করেছে। যেহুতু ওবায়দুল্লাহর বাড়ি থেকে স্মার্ট টিভি পুলিশ উদ্ধার করেছে তাকে গ্রেপ্তার করলে প্রকৃত ঘটনা বের হয়ে যাবে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘নাসিরাবাদ হাউজিং এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। এ ঘটনায় অফিস থেকে নিয়ে যাওয়া একটি স্মার্ট টিভি উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ জুলাই চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে দুই কোটি টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীর সহযোগী ডেভিড ইমনের নির্দেশে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram