চট্টগ্রামবাসীকে আইটি শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছি: কামরুল কায়েস

চট্টগ্রামবাসীকে আইটি শিক্ষায় দক্ষ করে তুলতে ব্যাপকভাবে কাজ করছেন বলে জানিয়েছেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কামরুল কায়েস চৌধুরী বলেন, গণমাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও সাংবাদিকতা রাষ্ট্র, গণতন্ত্র ও মানবাধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা রাষ্ট্রের সমস্যাগুলো জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি জনগণের সমস্যাও রাষ্ট্রের কাছে তুলে ধরেন। এর মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য তৈরি হয়।

তিনি বলেন, আন্দোলনের সময় অনেক গণমাধ্যম মিথ্যা প্রচারণা চালালেও কিছু গণমাধ্যম সত্য, শিক্ষার্থী ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিল। তাদের সাহসী ভূমিকার কারণেই গণঅভ্যুত্থান সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

নিজের কর্মজীবন প্রসঙ্গে কামরুল কায়েস বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে শুধু ব্যবসার পেছনে থাকিনি। আমার প্রতিটি কাজের মূল লক্ষ্য ছিল শিক্ষা। আমি আইটি সেক্টরে কাজ করছি। শুধু চট্টগ্রামেই ৮ থেকে ১০ হাজার তরুণ-তরুণীকে আইটি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। সারা দেশে এ সংখ্যা প্রায় ২৫ থেকে ৩০ হাজার।’

তিনি আরও বলেন, জিএমআইটি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন পর্যায়ে হাতে-কলমে আইটি শিক্ষা দেওয়ার জন্য কাজ করছে। পাশাপাশি তিনি দুটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছেন, যেখান থেকে ইতোমধ্যে হাজার হাজার শিক্ষার্থী ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

চট্টগ্রাম আইটি খাতে ঢাকার তুলনায় পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘চট্টগ্রামবাসীকে আইটি শিক্ষায় শিক্ষিত করার জন্য ব্যাপক কাজ করছি। ইনশাআল্লাহ আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাই, যাতে আইটি সেক্টরে চট্টগ্রাম কোনোভাবেই ঢাকা থেকে পিছিয়ে না থাকে।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমেদ শাহ।

সভাপতির বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, কামরুল কায়েস চৌধুরী মানবাধিকার, আইটি ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ কাজ করছেন। প্রেস ক্লাবের উন্নয়নেও তিনি পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন।

এ সময় ক্লাবের সিনিয়র সদস্য মাহবুব মাওলা রিপন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সৈয়দ আবদুল ওয়াজেদ, ক্লিক নিউজ বিডির সম্পাদক জালাল উদ্দিন সাগর, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার আহমেদ মুসা এবং দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলামসহ সাংবাদিকরা বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে কামরুল কায়েস চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram