ইসরায়েলি সেনাপ্রধানের সঙ্গে সৌদিসহ ৭ মুসলিম দেশের সেনাপ্রধানের বৈঠক

ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবসহ উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের সাত মুসলিম দেশের সেনাপ্রধান। গত সপ্তাহে জার্মানিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সামরিক কমান্ড সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার বৈঠকটির আয়োজন করেন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে সেন্টকম।

বৈঠকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিসরের সামরিক কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে মূলত ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে আলোচনা হয়।

এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই প্রথম এমন একটি বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের সঙ্গে আরব দেশগুলোর কর্মকর্তাদের বিভিন্ন বৈঠক হয়েছে।

বৈঠকে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সাম্প্রতিক সামরিক অভিযান সম্পর্কে অংশগ্রহণকারী সেনাপ্রধানদের ব্রিফ করেন বলে জানিয়েছে এক্সিওস।

অন্যদিকে, সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। এ সময় ইরানের ওপর নৌ-অবরোধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিস্থিতিও আলোচনায় আসে।

এ ছাড়া সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সেন্টকমের মাধ্যমে গোয়েন্দা তথ্য বিনিময় এবং হুথিদের মোকাবিলায় সৌদিকে সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও দেয়নি। এর মধ্যেই দুই দেশের সামরিক পর্যায়ের এমন যোগাযোগের খবর সামনে এলো।

এর আগে সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম প্রথম এ বৈঠক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, হুথিদের মোকাবিলায় সৌদি আরব ইসরায়েলের সহায়তা নিচ্ছে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram