‘চিকিৎসা ও শিক্ষায় অসচ্ছল মানুষের পাশে থাকবে চট্টগ্রাম জেলা পরিষদ’

চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনে অসচ্ছল মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। আর্থিক সংকটের কারণে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন কিংবা অর্থাভাবে পড়াশোনা বন্ধ করতে বাধ্য না হন, সে লক্ষ্যে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সেমিনার কক্ষে শিক্ষা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে জেলা পরিষদ। বিশেষ করে চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আর্থিক সংকটের কারণে কেউ যেন সমস্যায় না পড়েন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আর্থিক সংকটের কারণে কেউ যেন নিজেকে ছোট মনে না করেন। প্রয়োজনের সময় জেলা পরিষদের কাছে আসতে হবে। সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ ধরনের সহযোগিতা কার্যক্রম আগেও পরিচালিত হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। প্রতি এক থেকে দুই মাস অন্তর এ ধরনের সহায়তা কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, দুর্যোগ কিংবা উৎসব—সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করে চট্টগ্রাম জেলা পরিষদ। বন্যা, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক উৎসবেও অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং জনকল্যাণে কাজ করাকে জেলা পরিষদ দায়িত্ব ও অঙ্গীকার হিসেবে নিয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করার পরও কোনো ক্ষেত্রে সহায়তা দেওয়া সম্ভব না হলে রাষ্ট্র ও সরকার মানুষের পাশে দাঁড়াবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই অঙ্গীকার নিয়ে কাজ করছে। সরকারের অংশ হিসেবে জেলা পরিষদও জনকল্যাণে ভূমিকা রাখছে।

তিনি বলেন, জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম দায়িত্বের জায়গা থেকে অসহায় মানুষের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করছেন।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী প্রকৌশলী মো. জাহেদুল ইসলামসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সহায়তা গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram