রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে কাপ্তাই উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন।
গত ১২ সেপ্টেম্বর সংসদ সদস্য দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দিলদার হোসেনকে কাপ্তাই উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।
চিঠিতে বলা হয়, সংসদ সদস্যের অনুপস্থিতিতে কাপ্তাই উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করবেন দিলদার হোসেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার বিষয়ে দিলদার হোসেন বলেন, ‘মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান মহোদয় আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’তিনি বলেন, জনগণের কল্যাণে সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করাই তাঁর প্রধান লক্ষ্য।









