ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় নকল সরবরাহের দায়ে এক মাদ্রাসা শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় পরীক্ষাকক্ষে দায়িত্বে থাকা আরও দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ পরীক্ষার্থীর ওই দিনের পরীক্ষা বাতিল করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) উপজেলার আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত মো. মনির হোসেন রানীখার সৈয়দ ইমদাদুল বাড়ি গাউজিয়া আলিম মাদ্রাসার শিক্ষক।
উপজেলা প্রশাসন জানায়, পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে থেকে লেখা উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করছিলেন মনির হোসেন। অভিযোগের ভিত্তিতে কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পান।
পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় মনির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রে দায়িত্বরত আরও দুই শিক্ষকের দায়িত্ব স্থগিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচ পরীক্ষার্থীর ওই দিনের পরীক্ষাও বাতিল করা হয়েছে।
ইউএনও সামিউল ইসলাম বলেন, ‘প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারি রাখা হয়েছে। পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।’
তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত শিক্ষককে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।









