মঙ্গলবার থেকে বকেয়া বেতন পরিশোধের শর্তে দীর্ঘ ছয় ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেছে আজিম গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এর আগে বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে চট্টগ্রামের ব্যস্ত আরাকান সড়ক দিনভর অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
শনিবার বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি এলাকায় সড়ক অবরোধ শুরু করেন শ্রমিকরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বিকাল ৫টা পর্যন্ত অবরোধ চলছিল। ফলে নগরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে।
শ্রমিকরা জানান, তাঁরা কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত আজিম গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিক। তাঁদের দেড় মাসের বেতন এবং চার মাসের ওভারটাইম বকেয়া রয়েছে। বারবার দাবি জানানো হলেও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। এ কারণে শনিবার সকালে কারখানা থেকে বের হয়ে এসে আরাকান সড়ক অবরোধ করেন তাঁরা।
অবরোধের কারণে সড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। পাশাপাশি শিল্প এলাকার অন্যান্য কারখানার পণ্যবাহী যান চলাচলও বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) কাজী মো. বিধান আবিদ বলেন, বেতন ও ওভারটাইম বকেয়া থাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। সকাল থেকে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। তিনি জানান, সমস্যাটি ২০২২ সাল থেকে চলমান। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষকে সমঝোতায় আনা গেছে এবং বিকাল ৫ টার পর উভয় পক্ষ সমঝোতায় পৌছালে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।
তিনি আরও বলেন, সড়কে জমে থাকা যানবাহনের দীর্ঘ লাইনের কারণে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে কিছুটা সময় লাগবে।









