চট্টগ্রামে চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

চট্টগ্রামে চাঁদাবাজি, সন্ত্রাস ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর।

বুধবার (২৩ জুলাই) বিকেলে নগরীর কাপাসগোলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে অলিখাঁ মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, ‘চাঁদাবাজির প্রতিবাদ করায় আমাদের ভাইদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। যারা ‘বাংলা ছাড়’ স্লোগান দিয়েছিল, তারাই এখন দিল্লিতে গিয়ে বসেছে। নৈরাজ্য চলতে থাকলে ছাত্রলীগ-আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘বিগত সতেরো বছরে ছাত্রলীগের চাঁদাবাজি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে ছাত্রজনতা আন্দোলন গড়ে তুলেছিল। এখন ছাত্রদলও একই পথে হাঁটছে। চকবাজারে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। প্রশাসনের উচিত দ্রুত দায়ীদের গ্রেপ্তার করা।’

তিনি আরও বলেন, ‘বীর চট্টলায় ইসলামী আন্দোলনের শিকড় গভীরে—ছাত্রশিবিরকে টার্গেট করলে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

মিছিলোত্তর সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর উত্তর শাখার সেক্রেটারি মুমিনুল হক মুমিন, সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরফাত হোসেন, প্রচার সম্পাদক সিরাজী মানিক প্রমুখ।

সমাবেশে ‘চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই হবে একসাথে’, ‘চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘নারায়ে তাকবীর – আল্লাহু আকবর’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram