বিদ্যালয়ের দোলনা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যালয়ের দোলনা থেকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী শাহাদাত হোসেন(৮) কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাদাত ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

শিক্ষক ও স্থানীয়রা জানান, বুধবার বিদ্যালয়ে পরিবেশ পরিচিতি বিষয়ের মৌখিক পরীক্ষায় অংশ নেয় সাহাদাত হোসেন। এক ঘণ্টার পরীক্ষা শেষ করে বিদ্যালয় চত্বরে রাখা দোলনায় বন্ধুদের সঙ্গে খেলছিল সে। এ সময় দোলনা থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয় সাহাদাত। শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন।

কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোস্তফা কামাল বলেন, পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী বাড়িতে না গিয়ে খেলা করছিল। শিক্ষকরা সবাই পরীক্ষার খাতা দেখছিলেন। এ সময় সাহাদাত দোলনা থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

আদিতমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হরেকৃষ্ণ রায় বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram