কাঁধে স্কুলব্যাগ, পরনে স্কুল ইউনিফর্ম। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ছয় বছরের এক শিশু শিক্ষার্থীর পথ আটকে টিকটক ভিডিও বানানোর ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ফেনী মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মোজাম্মেল কুমিল্লার চান্দিনা উপজেলার মৈশাইল গ্রামের মনির হোসেনের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ফেনী সদর উপজেলার উত্তর সিলোনিয়া এলাকায় বসবাস করেন।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই দুপুরে ঘটনাটি ঘটে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী একা বাড়ি ফিরছিল। এ সময় কয়েকজন তরুণ শিশুটির পথ আটকে তাকে উত্ত্যক্ত করে এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে টিকটকে প্রকাশ করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শিশুটির বাবা তিন তরুণের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়।
মামলার অপর দুই আসামি হলেন ফেনী সদর উপজেলার পশ্চিম সিলোনিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ সালমান (২০) এবং সাত্রাসিদ্ধি গ্রামের মনির আহাম্মদের ছেলে মোহাম্মদ মাহফুজ (১৯)।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, গ্রেপ্তার আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









