চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ইতালির তৈরি একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন নগরীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী।
রোববার (২৬ জুলাই) রাতে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসিফ বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এলাকার মো. ইউসুফের ছেলে। অপরদিকে সাইদুল ইসলাম ওরফে আরিফ হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে।
পুলিশ জানায়, নিয়মিত অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশ দেখে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আসিফের কোমর থেকে ডলফিনের লোগো ও “Made in Italy” খোদাই করা একটি বিদেশি পিস্তল এবং ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া সাইদুল ইসলামের পকেট থেকে পত্রিকার কাগজে মোড়ানো আরও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। অস্ত্র ও গুলি বহনের বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিজেদের ডেভিড ইমনের সহযোগী বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন, সরকারি কর্মচারীকে আঘাত ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। সাইদুল ইসলামের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির দুটি মামলা।









