‘র’-এর প্রধান পরাগ জৈন ঢাকায়

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন।

কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় এসেছেন তিনি। তবে এ সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন। তারা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ও আলোচনায় অংশ নিতে পারেন।

পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা ‘র’) সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারি হিসেবেও দায়িত্বে রয়েছেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে ঢাকায় আসার আগে ‘র’-এর প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও কূটনৈতিক সূত্রে জানা গেছে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram