‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবসে চট্টগ্রামে এনসিপির গণভোজ

‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে চট্টগ্রামে গণভোজের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ আয়োজনে প্রায় পাঁচ হাজার মানুষের জন্য চিকেন বিরিয়ানি পরিবেশন করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

বুধবার (৫ আগস্ট) দুপুরে নগরের লালদিঘী মাঠে এ গণভোজ অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে সামিয়ানা টানিয়ে চেয়ার-টেবিলের ব্যবস্থা করে খাবার পরিবেশন করা হয়।

গণভোজে নগরের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী, ভিক্ষুক, ভাসমান মানুষ, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ও আহত ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। দুপুর ১২টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, ‘পাঁচ হাজার মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর এনসিপির উদ্যোগে সবার জন্য চিকেন বিরিয়ানি পরিবেশন করা হয়েছে। গণভোজটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। নগরের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ এতে অংশ নিয়েছেন।’

তিনি আরও বলেন, নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যেই এ আনন্দমুখর আয়োজন করা হয়েছে।

গণভোজে মোট কত টাকা ব্যয় হয়েছে, তার হিসাব এখনও চূড়ান্ত হয়নি বলে জানান রিদুয়ান হৃদয়। তবে মহানগর এনসিপির এক নেতা জানান, এ আয়োজনের জন্য প্রায় সাত লাখ টাকা বাজেট রাখা হয়েছিল।

রিদুয়ান হৃদয়ের ভাষ্য, গণভোজের পুরো ব্যয় চট্টগ্রাম মহানগর এনসিপির দলীয় তহবিল থেকে বহন করা হয়েছে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram