লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মাছ ধরার বরশিতে তার মরদেহ আটকে গেলে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ তা উদ্ধার করে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন স্থানীয় আলেকজান্ডার বাজারের টুপি ব্যবসায়ী। তিনি আসলপাড়া এলাকার ফকির বাড়ির আব্দুর রবের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মনির হোসেন লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাননি।
পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে কয়েকজন জেলে মাছ ধরার জন্য বরশি ফেললে তাতে মনির হোসেনের মরদেহ আটকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।
রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মাছ ধরার বরশিতে তার মরদেহ আটকে ছিল।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।









