খাগড়াছড়ির রামগড়ে বিয়ের দাওয়াতে এসে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)।
পুলিশ জানায়, বল্টুরামটিলা এলাকায় এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের দাওয়াতে অংশ নিতে সেখানে গিয়েছিলেন তারা। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে নিজ নিজ অবস্থানে রাতযাপন করছিলেন। শুক্রবার দুপুরে বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, গ্রেপ্তার তিনজন ২০২৩ ও ২০২৪ সালের দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।









