শনিবারে চা মালিকদের সাথে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

তিনশ’ টাকা মজুরির দাবিতে অনড় চা শ্রমিকরা। ১৮তম দিনের মতো চলছে একাংশের আন্দোলন। এদিকে শনিবার (২৭ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালিকপক্ষের বৈঠকে বিষয়টির সুরাহা হবে বলে আশা করছেন আন্দোলনকারীরা।

শ্রমের দাম ৩০০ টাকা করার দাবিতে কর্মবিরতিসহ নানা কর্মসূচিতে টানা ১৮ দিন ধরে আন্দোলন করছেন চা বাগানের শ্রমিকরা।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে হবিগঞ্জের চুনারহাট উপজেলার চান্দপুরে ২৪টি বাগানের শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেন।

বারবার মালিকপক্ষ-শ্রমিক আর প্রশাসনের বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তবে শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে বিষয়টির সুরাহা হবে বলে আশা করছেন আন্দোলনকারীরা।

তারা বলেন, ‘সরকার প্রধানের প্রতি আমাদের আস্থা বিশ্বাস রয়েছে। উনি আমাদের ফিরিয়ে দেবেন না। আমরা তার ওপর ভরসা করে শনিবারের অপেক্ষায় রয়েছি।’

এদিকে মৌলভীবাজারের শ্রমিকরা বলছেন, ‘বিষয়টির সমাধান হলেই তারা কাজে নামবেন। ১৭ দিন হয়ে আসছে। আমাদের খাবারের অনেক সমস্যা হচ্ছে। সরকার যদি আমাদের মজুরি ৩০০ টাকা করে দেন, তাহলে আমরা কাল (শনিবার) থেকেই কাজে যোগ দেব।’

উল্লেখ্য, মজুরি বাড়ানোর দাবিতে গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন চা শ্রমিকরা।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram