চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক, সাংবাদিক-আইনজীবীসহ গ্রেপ্তার ১৫

চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক চলাকালে সাংবাদিক নেতা ও আইনজীবীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অ্যাডভোকেট উম্মে হাবিবা, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক শুভ আইচ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক কামেলা খানম রুপা, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সুজলা অন্তরা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ১৫ আগস্ট উপলক্ষে অ্যাডভোকেট উম্মে হাবিবার নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫ সদস্য সেখানে আলোচনা করার জন্য জড়ো হয়েছিলেন।

পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram