ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে তামাক নিয়ন্ত্রণ আইন, ২০০৫ সংশোধন আইন, ২০২৬ এবং রেলওয়ে আইন, ১৮৯০সহ সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে চট্টগ্রামে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের সিআরবিতে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) কার্যালয়ে রেলপথ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘Initiative to Make Bangladesh Railways Tobacco Free (IMBRTF) Phase-3’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) সুবক্তগীন।
প্রশিক্ষণে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ (জিআরপি) সদস্যসহ স্টেশন ও চলন্ত ট্রেনে দায়িত্ব পালনকারী কর্মচারীরা অংশ নেন। এতে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, রেলসেবার মান উন্নয়নে ধূমপানমুক্ত পরিবেশ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। রেল প্রাঙ্গণে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, রেলওয়ে প্রাঙ্গণ ধূমপান ও তামাকমুক্ত করা সম্ভব হলে নিরাপদ ও পরিবেশবান্ধব যাত্রীসেবা নিশ্চিত করা যাবে। এটি রেলওয়ের মিশন ও ভিশনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
পরে তিনি স্টেশনসহ রেলওয়ের বিভিন্ন স্থানে ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং রেলওয়ে শ্রমিকদলের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।









