ভোক্তা পর্যায়ে আবারও কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) এক ঘোষণায় বিইআরসি জানায়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৭০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৩ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ হয়েছিল ১ হাজার ২৭০ টাকা।
একইসঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে মূসকসহ ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গত ২ সেপ্টেম্বর সর্বশেষ অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভোক্তা পর্যায়ে ১৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (Contract Price) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৪৯৫ ও ৪৭৫ মার্কিন ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী গড় সিপি দাঁড়ায় ৪৮২ ডলার। এই হিসাব অনুযায়ীই অক্টোবর মাসের জন্য বেসরকারি খাতে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম সমন্বয় করা হয়েছে।









