সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আর নেই

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সিনিয়র ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ আল-শায়খ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ৮২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রয়্যাল কোর্টের এক বিবৃতির বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া জানিয়েছে, তার মৃত্যুতে সৌদি আরবসহ মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বকে হারাল। বিবৃতিতে বলা হয়, ইসলাম, জ্ঞানচর্চা ও মুসলিম সমাজের সেবায় তার অবদান অনন্য।

বাদশাহ সালমান বিন আবদুলআজিজ ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান তার পরিবার, সৌদি জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি গভীর শোক জানিয়েছেন।

মঙ্গলবারই রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাদ আসর মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীসহ দেশের সব মসজিদে গায়েবানা জানাজার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান।

১৯৯৯ সালে শায়খ আবদুল আজিজ সৌদি আরবের তৃতীয় গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব নেন। তিনি সিনিয়র ওলামা পরিষদ ও ইসলামী গবেষণা ও ইফতা বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং মন্ত্রী পর্যায়ের মর্যাদা ভোগ করতেন। এর আগে এই পদে ছিলেন শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আল-শায়খ ও শায়খ আবদুল আজিজ বিন বায।

১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্ম নেওয়া শায়খ আবদুল আজিজ শৈশবে বাবাকে হারান এবং ২০ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান। তারপরও শরিয়াহ শিক্ষায় অগ্রসর হন। রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আরাফাতের নামাজের ঐতিহাসিক নামিরাহ মসজিদেও খুতবা দিয়েছেন।

শরিয়াহ ও ফিকহ বিষয়ে তার অসংখ্য গ্রন্থ ও ফতোয়া বিশ্বজুড়ে মুসলমানদের জন্য দিকনির্দেশনার উৎস হয়ে আছে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram