বিয়ের পিঁড়িতে অভিনেত্রী শবনম ফারিয়া 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেছেন।

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের প্রায় পাঁচ বছর পর ফের বিয়ে করছেন তিনি। শবনম ফারিয়া নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, তার নতুন স্বামীর নাম তানজিম তৈয়ব। রাজশাহীর সন্তান তানজিম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

বিয়ের অনুভূতি ব্যক্ত করে শবনম ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল। ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে ভাবতাম, এই অধ্যায় হয়তো জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহ ও পরিবারের সিদ্ধান্তে এটি সম্ভব হয়েছে।”

তিনি জানিয়েছেন, হঠাৎ বিয়ের কারণে তার একমাত্র ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ভবিষ্যতে সহকর্মী, আত্মীয় ও বন্ধুদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

শবনম ফারিয়া ২০১৮ সালে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। তবে দেড় বছরের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরলে ২০২০ সালের ২৭ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা শবনম ফারিয়া একক নাটক ও ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। অন্যদিকে, তার সাবেক স্বামী হারুনুর রশীদ অপুও নতুন জীবন শুরু করেছেন এবং তরুণ উপস্থাপিকা ও মডেল নওরিন আহমেদের সঙ্গে বিয়ে করেছেন।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram