বারবার বিয়েবিচ্ছেদের কারণ জানালেন শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয়ের মাধ্যমে যেমন শিরোনামে থাকেন, তেমনি ব্যক্তিজীবন নিয়েও প্রায়শই আলোচনায় উঠে আসেন। তিনবার বিয়েবিচ্ছেদ হওয়া এই অভিনেত্রী সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক, বিয়ে এবং ডিভোর্স নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। আমার মা-বাবাকে দেখে আমি বুঝেছি, সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকলে তা সুন্দরভাবে টিকে থাকে। যুগ যুগ ধরে মানুষ বিয়ে করে আসছে, আমিও কেন করব না?”

তবে কেন তার কোনো বৈবাহিক সম্পর্ক স্থায়ী হয়নি—এ প্রসঙ্গে শ্রাবন্তীর ব্যাখ্যা, “আমার ভুল ছিল, আমি ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম। সিদ্ধান্ত নেওয়ার সময় হয়তো আরও ভেবেচিন্তে এগোনো উচিত ছিল। আমি খুবই ইমোশনাল একজন মানুষ, কিন্তু আবেগে নয়—বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।” তিনি আরও বলেন, নিজের সম্মান ও মানসিক শান্তি যেখানে থাকে, সেখানেই থাকা উচিত।

শ্রাবন্তীর মতে, “জীবন একটাই। কে কী বলছে, সেটার চেয়ে নিজের মনের কথা শোনা বেশি জরুরি। অন্য কেউ কখনো আপনার জায়গা পুরোপুরি বুঝতে পারবে না, তাই নিজেকেই নিজের ভালোবাসা শিখতে হবে।”

উল্লেখ্য, ১৮ বছরের আগেই নির্মাতা রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। সেই সংসারে জন্ম হয় পুত্র ঝিনুকের। তবে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দ্বিতীয় বিয়ে করেন মডেল কৃষাণ ব্রিজকে, যা মাত্র এক বছরেই ভেঙে যায়। তৃতীয়বার রোশন সিংকে বিয়ে করলেও সেই সম্পর্কও টেকেনি। চলতি বছরের এপ্রিলে তাদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram