চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু, আক্রান্ত ২৮৮৩

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে নতুন করে ৮৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফলে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৩ জনে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) এবং অন্যজন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে চিকিৎসাধীন ছিলেন।

চমেক হাসপাতালে মারা যাওয়া অর্পিতা (২৬) কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা। তিনি ১০ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। পরদিন ১১ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, এভারকেয়ার হাসপাতালে মারা যাওয়া শামসুন নাহার খানমের (৫০) বাড়ি নগরের আগ্রাবাদ হাউজিং সোসাইটি এলাকায়। ১১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর সেদিনই জরুরি বিভাগে তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির আগে করা পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১০ জন।

চিকিৎসাধীন রোগীদের মধ্যে চমেক হাসপাতালে ১০৫ জন, বিআইটিআইডিতে ৩৫, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৪, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ২৫ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৪২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৭৩ জন।

 

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram