ছোট শিশু আছে এমন বাসায় সাবলেট নিয়ে ওঠে শিশু অপহরণের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর কামরাঙ্গীরচরে চার বছর বয়সি এক শিশুকে অপহরণের ঘটনায় এই দম্পতি—ফয়সাল ও কাকলী আক্তার—কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি কামরাঙ্গীরচরের আলীনগরে আব্দুল হাদি নূর নামে চার বছর বয়সি শিশু নিজ বাসার পাশেই খেলছিল। তার মা ঘুম থেকে জেগে দেখেন, সন্তান নেই। পাশের সাবলেট ঘরে থাকা দম্পতিও নিখোঁজ। ফোনে যোগাযোগ করলে তারা শিশুটি নিজেদের কাছে আছে বলে জানায়, কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেয় ফোন। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটিকে নিয়ে বাসা থেকে বের হচ্ছেন ওই দম্পতি।
এরপর শিশুর মায়ের ইমো নম্বরে মেসেজ পাঠিয়ে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণ না দিলে শিশুকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকিও দেয় তারা। শিশুর পরিবার ৫ হাজার টাকা পাঠালেও বাকি টাকা না পেয়ে অপহরণকারীরা মোবাইল বন্ধ করে দেয়।
পরে পুলিশের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শিশুর অবস্থান শনাক্ত করা হয় রাজধানীর মিরপুরের ‘ক্লাসিক’ আবাসিক হোটেলে। সেখানে অভিযান চালিয়ে ফয়সাল ও কাকলী দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ এবং অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।
ডিএমপির কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, “দম্পতিটি পরিকল্পিতভাবে সাবলেট নিয়ে বাসায় ওঠে এবং শিশুর সঙ্গে সখ্যতা গড়ে তোলে। সুযোগ বুঝে অপহরণ করে হোটেলে আটকে মুক্তিপণ দাবি করে।”
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এ চক্র রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক হোটেলে ভাড়া থেকে সাবলেট নিয়ে শিশু অপহরণ করে মুক্তিপণ আদায় করে। মুক্তিপণ না পেলে শিশু বিক্রির অভিযোগও রয়েছে।
ওসি আমিরুল ইসলাম আরও জানান, ‘গ্রেপ্তারদের কাছ থেকে ১৫–২০টি সিম উদ্ধার করা হয়েছে, যেগুলোর কোনোটিই তাদের নামে নয়। তারা মানবপাচার চক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’
এ ঘটনায় সাবলেট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় যাচাইয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।









