চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব। এ কর্মসূচিতে তিন শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে ৪৯ জন রোগীকে নির্বাচন করা হয়েছে।
গত শুক্রবার (৯ অক্টোবর) সীতাকুণ্ডের আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, লায়ন্স ক্লাব অব সেন্ট্রাল জুবলি, প্রোগ্রেসিভ সাউথ ও অগ্রণী ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রায় ২০০ জনের ডায়াবেটিস পরীক্ষা এবং আরও প্রায় ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। চক্ষু চিকিৎসা নিতে আসা রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা ও ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্বাচিত ৪৯ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন, লেন্স প্রতিস্থাপন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে।
চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভিন মাহমুদ (এফসিএ), পিএমজেএফ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামছুদ্দীন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ।
লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের প্রেসিডেন্ট লায়ন মফিজুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট জয়েন্ট কেবিনেট ট্রেজারার আব্দুল্লাহ মোহাম্মদ নুরউদ্দীন, ডিস্ট্রিক্ট হাঙ্গার চেয়ারপারসন লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, এমজেএফ; রিজিওন চেয়ারপারসন (অ্যাডমিন) লায়ন গিয়াস উদ্দিন; ডিস্ট্রিক্ট আইটি চেয়ারপারসন ও লিও-লায়ন কো-অর্ডিনেটর লায়ন মশিউর রহমান মাহী; জোন চেয়ারপারসন লায়ন শারমিন সুলতানা মৌ, লায়ন কামাল উদ্দিন ভুঁইয়া ও ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা এবং সেন্ট্রাল জুবলি ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আবদুল্লাহ আল মামুন, এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন আবুল হাসনাত, ট্রেজারার লায়ন নুর খান, লায়ন মোহাম্মদ কাওসারউজ্জামান, লায়ন মোহাম্মদ আলী, জয়েন্ট সেক্রেটারি লায়ন আলিম উদ্দীন, প্রফেসর লায়ন নাজিমুজ্জামান রাসেদ, লায়ন মো. আরাফাত এলাহী ও লায়ন আব্দুর রহমানসহ জেলা লিও ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর লিও প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার ও অন্যান্য সদস্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চক্ষুরোগের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ধরনের উদ্যোগ মানুষের দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনে সহায়ক ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, মানবসেবার অংশ হিসেবে লায়ন্স ক্লাবের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









