- চট্টগ্রাম সারাদিন - https://chattogramsaradin.com/ -

চট্টগ্রামে ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন—পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশ।

দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সাব-রেজিস্ট্রার সেগুলোর নিবন্ধন আটকে রাখেন।

অভিযোগ রয়েছে, দলিল দুটি নিবন্ধন করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে ওই আইনজীবী বিষয়টি দুদকের হটলাইন ১০৬ নম্বরে জানান। একই সঙ্গে তিনি দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পর কমিশনের অনুমোদনক্রমে মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালায় দুদকের ট্র্যাপ টিম। এ সময় দুই লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে আটক করা হয়।

দুদক জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।