চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (চট্টগ্রাম ওয়াসা) বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া। আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোছাম্মৎ আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ১৯৯৬’-এর ধারা ৭(১) অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন জারির বিষয়টি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা আকতারুন নেছা নিশ্চিত করেছেন।
মো. ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবার নাম সিদ্দিক আহমদ এবং মায়ের নাম ছায়েরা খাতুন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে।
