- চট্টগ্রাম সারাদিন - https://chattogramsaradin.com/ -

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই: দীপ্তি-শাহেদ

ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল (আগ্রাবাদ) প্রাঙ্গণ থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচিতে তারা এসব কথা বলেন।

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ‘ডেঙ্গু শুধু একটি রোগ নয়, এটি জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ডেঙ্গুর বিস্তার রোধে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। নিজের ঘর, আঙিনা ও এলাকার পরিচ্ছন্নতার দায়িত্ব প্রত্যেকের। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।’

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ‘একটি পরিচ্ছন্ন বাড়ি, পরিচ্ছন্ন মহল্লা এবং সচেতন নাগরিক সমাজই ডেঙ্গুর ঝুঁকি কমাতে পারে। জমতে দেওয়া যাবে না পানি, বংশবিস্তার করতে দেওয়া যাবে না এডিস মশাকে।’

তিনি বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র, টায়ারসহ বিভিন্ন স্থানে পানি জমে আছে কি না, তা নিয়মিত খেয়াল রাখতে হবে। সপ্তাহে অন্তত একদিন বাড়ির আশপাশ পরিষ্কার করে জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান তিনি।

এ সময় চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড এবং সংশ্লিষ্ট ইউনিটে ১৭ সেপ্টেম্বর থেকে পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়।

কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরাও সহযোগিতা করেন। এ সময় নগর যুবদলের নেতাকর্মীরা আগ্রাবাদ এলাকার নালা-নর্দমা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে ব্লিচিং পাউডার ছিটান। পাশাপাশি মশক নিধনকর্মীরা ফগার মেশিনের মাধ্যমে ২৭ নম্বর ওয়ার্ডের সিজিএস কলোনি, আগ্রাবাদ সিডিএ, নালাপাড়া, মহিলা কলেজ, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মশক নিধন ওষুধ ছিটান।

কর্মসূচিতে নগর যুবদলের সহসভাপতি ফজলুল হক সুমন, এম গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম খাঁন, সেলিম উদ্দিন রাসেল, তানভীর মল্লিক, সহসাধারণ সম্পাদক ওসমান গনি সিকদার, ধর্মবিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুলসহ নগর, থানা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।