- চট্টগ্রাম সারাদিন - https://chattogramsaradin.com/ -

ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওয়াসিম (২৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইয়াবা পাচারে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্যের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাতে উত্তরার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেন।

পুলিশ জানায়, প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়াসিমকে আটক করা হয়। পালানোর সময় তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর আজমপুর কাঁচাবাজার এলাকার বিসমিল্লাহ পল্লির নূর বিল্ডিংয়ের ৬৭ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল ও ওয়াসিম জানিয়েছেন, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রি করতেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক বলেন, এএসআই শফিকুলের গ্রেপ্তারের বিষয়টি তিনি জানেন। তিনি থানায় দায়িত্ব পালনে অনিয়মিত ছিলেন বলেও জানান।