চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩২) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় কক্ষের দরজার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তার স্ত্রী তাহমিনা আক্তার (২৪)। একই কক্ষ থেকে তাদের ১০ মাস বয়সী শিশুকেও উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের হোটেল রিলেক্স জোনের ১০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের রাঙ্গামাটি পুলিশ লাইনে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী তাহমিনা আক্তার উপজেলার হাজীশ্বরাই এলাকার বাসিন্দা।
হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুর ২টার দিকে আমিনুল ইসলাম ও তার স্ত্রী হোটেলে এসে ১০৪ নম্বর কক্ষ ভাড়া নেন। বিকেল ও রাতে তারা দুবার কক্ষের বাইরে বের হন। পরে রাতে কক্ষে ফিরে যান।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দায়িত্বরত ম্যানেজার তাদের ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে দীর্ঘক্ষণ পর ভেতর থেকে দরজা খুলে দেন রক্তাক্ত তাহমিনা আক্তার। তখন কক্ষের ভেতরে খাটের পাশে ফ্যানের সঙ্গে আমিনুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হোটেলকর্মীরা।
হোটেল ম্যানেজার সোহান বলেন, ‘রোববার দুপুরে তারা কক্ষ ভাড়া নেন। বিকেল ও রাতে দুবার বাইরে বের হয়েছিলেন। রাতে আমি আমার কক্ষে শুয়ে পড়ি। এরপর কোনো ধরনের শব্দ শুনিনি। সকালে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বিষয়টি অন্যদের জানাই।’
মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাহমিনা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একই কক্ষ থেকে তার স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আমিনুল ইসলাম রাঙ্গামাটি পুলিশ লাইনে এএসআই পদে কর্মরত ছিলেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
