ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে ফেনীর ছনুয়া ইউনিয়নের পূর্ব ছিলোনীয়া (উত্তর গ্রাম) মাখন পালের বাড়িতে অবস্থিত শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে দু’দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শ্রীশ্রী রাধাগোবিন্দ-গৌর নিতাই বিগ্রহ স্থাপন ও প্রাণ-প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে গত ৫ আগস্ট বুধবার সন্ধ্যা থেকে এ আয়োজন শুরু হয়। দিকদর্শন প্রকাশনী লিমিটেড ও গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।
বুধবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গঙ্গা আবাহন, শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা ও অধিবাসকৃত্য অনুষ্ঠিত হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রীশ্রী রাধাগোবিন্দের পূজারম্ভ ও প্রাণপ্রতিষ্ঠা, সকাল ১১টায় যজ্ঞারম্ভ, হোম ও পুষ্পাঞ্জলি এবং দুপুর ১২টায় ভোগরাগ ও আরতি অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টায় আনন্দবাজারে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শত প্রদীপ প্রজ্বালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের ভক্তবৃন্দ এবং দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আর.সি. পাল এক বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
