- চট্টগ্রাম সারাদিন - https://chattogramsaradin.com/ -

ঢাবির শহীদুল্লাহ হলে হাতাহাতিতে জড়াল ছাত্রদল-শিবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে দুই অতিথিকে ঘিরে ওঠা বিতর্কের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। এ ঘটনায় অভিযুক্ত নেতার হলের আসন (সিট) সাময়িকভাবে বাতিল করেছে প্রশাসন। একই সঙ্গে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

রোববার (২ আগস্ট) বিকেলে তদন্ত কমিটির বৈঠক চলাকালে হলের সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই ছাত্রসংগঠন। ছাত্রদলের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে ছাত্রশিবির বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, তাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রদল।

এদিকে সাধারণ শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জানা যায়, গত ২৭ জুলাই শহীদুল্লাহ হল সংসদের এজিএস ও শিবির নেতা ইব্রাহিম খলিলের কক্ষে থাকা দুই অতিথির কথিত অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ইব্রাহিম খলিলের রুমমেটের দাবি, কক্ষে অসংলগ্ন অবস্থায় তাদের দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টি স্বীকার করেন। ঘটনা প্রকাশ্যে এলে প্রশাসন তাৎক্ষণিকভাবে ইব্রাহিম খলিলের সিট সাময়িকভাবে বাতিল করে এবং ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে।