- চট্টগ্রাম সারাদিন - https://chattogramsaradin.com/ -

পুলিশের পানিতে বিষ: ইয়াসিনসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত পানির ট্যাংকে বিষ মেশানোর অভিযোগে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে আলীনগর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন। মামলায় ইয়াসিনসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার সকালে আলীনগর অস্থায়ী ক্যাম্পে দায়িত্ব পালনরত কনস্টেবল মাঈন উদ্দিন ভূঁইয়া, ইয়াসির আরাফাত ও সাজ্জাদ হোসেন সংরক্ষিত ট্যাংকের পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েন। পানি পান করার সময় তারা দুর্গন্ধ অনুভব করেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি মহিনুল ইসলাম বলেন, পাইপলাইনের মাধ্যমে ক্যাম্পের জন্য সংরক্ষিত পানির ট্যাংকে পানি সরবরাহ করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাইপলাইনের একটি অংশ কাটা ছিল। ওই কাটা অংশ দিয়েই বিষ জাতীয় কোনো পদার্থ ট্যাংকের পানিতে মেশানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ট্যাংকের পানির নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিষের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাসজমি দখল করে প্লট তৈরি ও বিক্রির মাধ্যমে জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পুরো এলাকাটি চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিনের নিয়ন্ত্রণে রয়েছে। দুর্গম এ এলাকায় অভিযান চালাতে গিয়ে বহুবার সন্ত্রাসীদের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

এর আগে গত ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন। এর দুই দিন আগে আলীনগরে স্থাপিত একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে রাতের আঁধারে হামলা চালিয়ে সেটি ভাঙচুর করে দুর্বৃত্তরা।