নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়ির পানিতে গোসল করতে নেমে তলিয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২) এবং বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কার্তিকাহার গ্রামের পাশের একটি খাড়িতে গোসল করতে নামেন নুর ইসলাম ও সুমাইয়া। প্রথমে নুর ইসলাম পানিতে নামেন। দীর্ঘক্ষণেও তিনি ওপরে না উঠলে উদ্বিগ্ন হয়ে স্বামীর খোঁজে পানিতে নামেন সুমাইয়া। তবে পানির তীব্র স্রোতে দুজনেই তলিয়ে যান।
ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত পানিতে নেমে তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।









