মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একই সঙ্গে বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য ও সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করতে কেন একটি স্বতন্ত্র ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন’ প্রণয়ন করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
রুলে ভোক্তা অধিকার সুরক্ষা এবং এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
আদালত অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
রিটের পক্ষে নিজেই শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। এর আগে সচেতন নাগরিক ও গ্রাহক হিসেবে তিনিই হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন।
