বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যেই নিউইয়র্কে একসঙ্গে দেখা গেছে এই দম্পতিকে।

বর্তমানে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিষেক। ব্যস্ততার ফাঁকে স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন তিনি। সম্প্রতি এক ভক্তের সঙ্গে তোলা তাদের একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে ক্যাজুয়াল টি-শার্ট ও ক্যাপ পরা অভিষেকের পাশে কালো পোশাকে হাস্যোজ্জ্বল ঐশ্বরিয়াকে দেখা যায়।

দীর্ঘদিন পর দুজনকে একসঙ্গে দেখে ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই মনে করছেন, এই উপস্থিতি তাদের বিচ্ছেদের গুঞ্জনে নতুন করে ইতি টানতে পারে।

এরই মধ্যে এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন তাদের প্রেম ও ১৯ বছরের দাম্পত্য জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি জানান, ২০০০ সালে ‘ধাই অক্ষর প্রেম কে’ সিনেমার সেটে প্রথম পরিচয় হলেও তখন ভাবেননি ঐশ্বরিয়াই তার জীবনসঙ্গী হবেন। পরে ২০০৭ সালে ‘গুরু’ সিনেমার পর তারা বিয়ে করেন।

ঐশ্বরিয়াকে নিজের ‘সোলমেট’ উল্লেখ করে অভিষেক বলেন, তাদের কন্যা আরাধ্যাকে সুন্দর মূল্যবোধে বড় করে তোলার পাশাপাশি ঐশ্বরিয়া তার জীবনের সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, ‘আমাদের সম্পর্কের ১৯টি বছর যেন স্বপ্নের মতো কেটে গেছে।’

সাক্ষাৎকারে রসিকতা করে সুখী দাম্পত্যের একটি ‘গোপন রহস্যও’ শেয়ার করেন অভিষেক। তার ভাষায়, ‘সব স্বামীরই রাতে ঘুমাতে যাওয়ার আগে স্ত্রীকে অন্তত তিনবার “সরি” বলা উচিত, তাহলেই সংসারে শান্তি থাকে।’ একই সঙ্গে তিনি জানান, আগামী বছর তাদের ২০তম বিবাহবার্ষিকীতে বিশেষ চমক দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খান ও অভিষেক বচ্চনের পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ ও জয়দীপ আহলাওয়াত। ছবিটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram