- চট্টগ্রাম সারাদিন - https://chattogramsaradin.com/ -

চট্টগ্রামে ওয়াসার কাজ করার সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত

চট্টগ্রাম ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের খননকাজ চলাকালে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে নগরের হালিশহরের আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল ও প্রকল্প–সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত শ্রমিকরা হলেন মো. রাকিব (৩০) ও মো. আইনুল ইসলাম (২২)। আহত দুজন সাগর ও এরশাদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানায়, মাটিচাপা পড়া চার শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

প্রকল্প–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের আওতায় পাইপ বসানোর আগে মাটির অবস্থা যাচাইয়ের কাজ চলছিল। প্রায় আড়াই মিটার গভীর গর্ত খোঁড়ার একপর্যায়ে যন্ত্রপাতিসহ শ্রমিকরা মাটিচাপা পড়েন।এ কাজটি পরিচালনা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হাইড্রো।

প্রকল্পের পরিচালক (পিডি) মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, পাইপ বসানোর আগে ‘ট্রায়াল পিট’ খননের সময় ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে নিহতদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ‘চট্টগ্রাম মহানগরের পয়োনিষ্কাশনব্যবস্থা স্থাপন’ শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর একনেক সভায় অনুমোদন পায়। প্রকল্পের আওতায় দৈনিক ১০ কোটি লিটার পরিশোধনক্ষমতার একটি পয়ঃশোধনাগার, ৩০০ ঘনমিটার সক্ষমতার একটি সেপটিক বর্জ্য শোধনাগার এবং প্রায় ২০০ কিলোমিটার পয়োনালা নির্মাণের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।