বারান্দায় বাবার লাশ রেখেই দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরের কেশবপুরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বাবার লাশ দাফন না করেই দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের মানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ন্যাসগাছা গ্রামের মাহবুর ও আছাবুর নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী কয়েক দফা মীমাংসার চেষ্টা করলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এতে দুই ভাইয়ের পরিবারের মধ্যেও সম্পর্কের অবনতি ঘটে।

এর মধ্যে সোমবার সকালে তাদের বাবা মারা যান। পরে মরদেহটি বাড়ির বারান্দায় রাখা অবস্থায় পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় এক মধ্যবয়সী নারী আহত হন।

বাবার মরদেহ দাফনের আগেই দুই ভাইয়ের এমন বিরোধে জড়িয়ে পড়ার ঘটনায় উপস্থিত স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং দুই ভাইকে নিবৃত্ত করেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনার সূত্রপাত। বাবার মৃত্যুর পর দাফনের আগেই জমির হিসাব-নিকাশ ও ভাগ-বাটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram