বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা পর্যায়ে কোচ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী অকৃতকার্য হয়েছেন। ৬১টি পদের বিপরীতে আবেদন করা ২১৮ জনের মধ্যে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩৯ জন। ফলে শূন্য পদ পূরণে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি।
গত ২৩ ও ২৪ জুলাই জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুটি কোচিং পদের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন লিখিত এবং দ্বিতীয় দিন ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা নেওয়া হয়। তবে দুই ধাপের পরীক্ষাতেই অধিকাংশ প্রার্থী প্রয়োজনীয় মান অর্জন করতে পারেননি।
এ পরিস্থিতিতে গতকাল রাতে আবারও কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
এদিকে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ ৩৯ জনের মধ্যেও কয়েকজনের চূড়ান্ত নিয়োগ অনিশ্চিত। তাদের যোগ্যতার শর্ত পূরণ হয়েছে কি না, তা যাচাই করছে বিসিবি।









