মাদক ব্যবসায়ীকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, আহত ২ এসআই

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও ১৭ মামলার আসামি আলমগীরকে গ্রেপ্তার করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। হামলায় তারা আহত হলেও শেষ পর্যন্ত আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

শনিবার রাতে আমবাগান রেললাইন-সংলগ্ন বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মবিনুল ইসলাম ও এসআই মহসিন উদ্দিন রুবেল। তাদের মধ্যে এসআই মবিনুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, সিএমপির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আলমগীরকে গ্রেপ্তার করতে ডবলমুরিং থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সংঘবদ্ধ দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের ঘিরে হামলা চালায়। হামলার একপর্যায়ে এসআই মবিনুল ইসলাম দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করতে গেলে এসআই মহসিন উদ্দিন রুবেলও ছুরিকাঘাতে আহত হন।

তিনি আরও জানান, হামলার মধ্যেও পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুরো এলাকায় অভিযান চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, এসআই মবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তাকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর আহত এসআই মহসিন উদ্দিন রুবেলকে প্রাথমিক চিকিৎসা শেষে দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়েছে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram