বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। ইটভাটার দূষণ রোধ, যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ এবং রাজধানী থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশনা দেন।
বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ইটভাটাজনিত বায়ু দূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার আদলে হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এছাড়া ঢাকার সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। রাজধানীর আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশও দেন তিনি।









