সীতাকুণ্ডে ভেসে যাওয়া ৮ পর্যটককে উদ্ধার করল গ্রাম পুলিশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসলে নেমে জোয়ারের তীব্র স্রোতে ভেসে যাওয়া ৮ পর্যটককে প্রায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছেন স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা। তাদের তাৎক্ষণিক উদ্যোগ ও উদ্ধার তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জোয়ারের প্রবল স্রোতে আটকা পড়ে পর্যটকরা বিপদের মুখে পড়েন। এ সময় স্থানীয় যুবক সাইফুল ইসলাম ও সীতাকুণ্ড গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্রোতের কবল থেকে আটজন পর্যটককে নিরাপদে তীরে তুলে আনা হয়।

এর আগে গত ২৪ মে একই সৈকতে গোসল করতে নেমে মো. রিফাত (১৮) নামে এক কিশোর পর্যটক জোয়ারের স্রোতে নিখোঁজ হন। পরদিন সকাল ৯টার দিকে সৈকতসংলগ্ন একটি কেওড়া বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

স্থানীয়দের দাবি, গুলিয়াখালী সমুদ্র সৈকতে জোয়ারের সময় স্রোত অত্যন্ত তীব্র হয়ে ওঠে, যা পর্যটকদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই জোয়ারের সময় পর্যটকদের সতর্কতার সঙ্গে সৈকতে নামার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram