ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস (পিআইএইচআর)।
শনিবার বিকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। তিনি বলেন, ‘সমাজে কিছু মানুষ নরপিশাচে পরিণত হয়েছে। তিন বছরের শিশুকেও তারা ছাড় দিচ্ছে না। এ ধরনের অপরাধী সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি। দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সালাম চৌধুরী। এছাড়া বক্তব্য দেন পিআইএইচআরের সিনিয়র সভাপতি হেলাল উদ্দিন সিকদার। তিনি বলেন, ‘একজন পুরুষ হিসেবে এসব ঘটনার কথা বলতে লজ্জা লাগে। দেশের বিভিন্ন স্থানে শিশুদের ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। এ ধরনের অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবিক কামরুল কায়েস চৌধুরী এবং সঞ্চালনা করেন প্রণয় দাশগুপ্ত শিমুল। সভাপতির বক্তব্যে কামরুল কায়েস চৌধুরী বলেন, ‘পিআইএইচআর সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। নীরবতা অপরাধীদের উৎসাহিত করে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এসব ঘটনার দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে বলেন, গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে একাধিক শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। চট্টগ্রাম, সিলেট, মুন্সীগঞ্জ, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটেছে, যা সমাজে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এতে সাধারণ মানুষও অংশ নেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিশু ও অভিভাবকরাও নিরাপদ সমাজ গঠনে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।









