পটিয়ায় গরু দেখতে গিয়ে প্রাণ গেল ২ কিশোরের

পটিয়া উপজেলায় কোরবানির গরু দেখতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে ওয়ালিদ আল তাসলিম (১৭) এবং একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। তাসলিম পটিয়া সদরের রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং সামি চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আহত তানবীর ইসলাম জয়কে (১৮) প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে কোরবানির গরু দেখতে বের হয়। দুপুরে আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram